বেনাপোল প্রতিনিধি
ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আবারও শুরু হয়েছে ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম ছবি: ধ্রুব নিউজ
ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে যশোরের বেনাপোল স্থলবন্দরে আবারও শুরু হয়েছে ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে পণ্য আদান-প্রদান শুরু হয়। ছুটির কারণে কয়েকদিন আমদানি, রফতানি ও পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকায় বন্দরে পণ্যজট সৃষ্টি হয়েছিল এবং সরকারের রাজস্ব আদায়ও ব্যাহত হয়। তবে কার্যক্রম শুরু হওয়ায় ধীরে ধীরে সেই পণ্যজট কমতে শুরু করেছে।
সকালে বন্দরে গিয়ে দেখা যায়, পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট, কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা। কয়েকদিনের স্থবিরতা কাটিয়ে বন্দরে ফিরেছে আগের কর্মচাঞ্চল্য।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, ঈদের ছুটি শেষে পুনরায় বন্দরের সব ধরনের কার্যক্রম চালু হয়েছে। দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে পণ্যজট দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
সূত্র জানায়, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৬০০ ট্রাক পণ্য আমদানি এবং ২০০ ট্রাক পণ্য রফতানি হয়। এছাড়া রেল পথেও পণ্য আমদানি অব্যাহত রয়েছে। বন্দর থেকে দৈনিক ৫০০ থেকে ৬০০ ট্রাক পণ্য খালাস হয়ে থাকে। এসব আমদানি পণ্য থেকে প্রতিদিন প্রায় ১৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বেনাপোল বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যের মধ্যে রয়েছে শিল্পকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, শিশু খাদ্য, মাছ, কেমিক্যালসহ বিভিন্ন ধরনের পণ্য। অন্যদিকে রফতানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত পণ্য, গার্মেন্টস, তৈরি পোশাক, কেমিক্যাল, টিস্যু, মেলামাইন ও মাছ।
ছুটি শেষে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দর সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং দ্রুত সময়ের মধ্যে পণ্যজট পুরোপুরি কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।