বেনপোল প্রতিনিধি
১৪ মার্চ জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজের নেতৃত্বে সচেতনতামূলক র্যালি, লিফলেট বিতরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
প্রধানমন্ত্রীর আহ্বানের প্রেক্ষিতে এই কর্মসূচিতে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচি চলাকালে হাসপাতাল চত্বর থেকে একটি র্যালি বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো মশার প্রজননস্থল ধ্বংস করা। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। তিনি আরও জানান, সচেতনতা বৃদ্ধিতে এখন থেকে প্রতি শনিবার নিয়মিতভাবে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
সবশেষে তিনি ডেঙ্গু মোকাবিলায় সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।