ধ্রুব রিপোর্ট
বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতের হাত থেকে কম্বল পেয়ে দোয়া করছেন এক বৃদ্ধা ছবি: ধ্রুব নিউজ
যশোরে দেড় হাজার অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। রোববার সকালে যশোর টাউন হল ময়দানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত এক অনুষ্ঠানে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। দেড় হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের সময় তিনি বলেন, যশোরের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমর্থন জড়িত ছিল। জননেতা তরিকুল ইসলাম সেই সমর্থনকে কাজে লাগিয়েই এই অঞ্চলের ঘরে ঘরে উন্নয়ন ও বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলেন। আজ সেই নেত্রীর শারীরিক সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
শীতবস্ত্র বিতরণের আগে দড়াটানা জামে মসজিদের খতিব মুফতি আমানুল্লাহ কাসেমীর পরিচালনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং প্রয়াত জননেতা তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে জেলার অন্যান্য স্থানেও এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।