ক্রীড়া ডেস্ক
১৭ বলে ৫২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন বৈভব ছবি: সংগৃহীত
বয়সটা মাত্র ১৫। কিন্তু ২২ গজে তার দাপট দেখলে মনে হবে কোনো পোড়খাওয়া অভিজ্ঞ ব্যাটার! বলা হচ্ছে ভারতের নতুন ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশীর কথা। নিজের ১৫তম জন্মদিনটি এর চেয়ে দারুণভাবে রাঙানোর সুযোগ হয়তো আর পেতেন না তিনি। সদ্যই পা দিয়েছেন পনেরোয়, আর তার রেশ কাটতে না কাটতেই আইপিএলের মঞ্চে তুলোধুনো করলেন চেন্নাই সুপার কিংসের বোলিং লাইনআপকে। মাত্র ১৫ বলে ফিফটি হাঁকিয়ে এই তরুণ যেন নির্বাচকদের কড়া বার্তা দিয়ে রাখলেন— তিনি এখন জাতীয় দলের জন্য পুরোপুরি প্রস্তুত!
গত সোমবার (৩০ মার্চ) গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থানের বোলিং তোপের মুখে পড়ে নির্ধারিত ওভারে মাত্র ১২৭ রানেই গুটিয়ে যায় বর্তমান রানার্সআপরা।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তোলেন বৈভব সূর্যবংশী। তার বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে খড়কুটোর মতো উড়ে যায় সিএসকে-র বোলাররা। ইনিংসের সপ্তম ওভারে যখন তিনি আউট হচ্ছেন, নামের পাশে জ্বলজ্বল করছে ১৭ বলে ৫২ রানের এক টর্নেডো ইনিংস!
বৈভবের বিদায়ের পর দ্রুত ফেরেন ধ্রুব জুরেলও (১৮)। তবে তৃতীয় উইকেটে বাকি কাজটা সারেন যশস্বী জয়সওয়াল ও রিয়ান পরাগ। জয়সওয়াল ৩৬ বলে ৩৮ এবং পরাগ ১৪ রানে অপরাজিত থেকে মাত্র ১২.১ ওভারেই ৮ উইকেটের বিশাল জয় নিশ্চিত করেন। চেন্নাইয়ের হয়ে বল হাতে ২টি উইকেট শিকার করেন কেবল আনশুল কাম্বোজ।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে চেন্নাই। পাওয়ার প্লে-র মধ্যেই টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে মাত্র ৮২ রানেই ৮ উইকেট নেই হয়ে যায় দলটির।
চেন্নাইকে চরম লজ্জা থেকে বাঁচান জেমি ওভারটন। তার লড়াকু ৩৬ বলে ৪৩ রানের ইনিংসে ভর করেই শেষ পর্যন্ত ১২৭ রানের পুঁজি পায় চেন্নাই। রাজস্থানের হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন জোফ্রা আর্চার, নান্দ্রে বার্গার ও রবীন্দ্র জাদেজা; প্রত্যেকেই নেন ২টি করে উইকেট।