কোটচাঁদপুর (ঝিনাইদহ)প্রতিনিধি
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের নামে ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ তথ্য প্রচারের অভিযোগে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল্লাহ আল মাসউদ। গত ৩০ মার্চ (সোমবার) রাতে তিনি এই জিডিটি করেন (জিডি নম্বর: ১৬৮০)।
জিডি সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক তার সরকারি বাসভবনে অবস্থানকালে লক্ষ্য করেন , ‘লিও সাইফার’ নামক একটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য সংবলিত একটি পোস্ট করা হয়েছে। পরবর্তী সময়ে ২৭ মার্চ রাতে ‘বিএনপি মিডিয়া সেল ঝিনাইদহ’ নামক একটি ফেসবুক পেজ থেকেও অনুরূপ তথ্য প্রচার করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, এর আগে আব্দুল মান্নান স্বপন নামক একটি আইডি থেকেও জেলা প্রশাসককে উদ্দেশ্য করে মানহানিকর পোস্ট করা হয়েছিল। জেলা প্রশাসকের আশঙ্কা, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠী ছদ্মনামীয় আইডি ব্যবহার করে কিংবা অন্যদের প্ররোচিত করে এই অপপ্রচার চালাচ্ছে।
জিডিতে জেলা প্রশাসক উল্লেখ করেন, এ ধরনের ধারাবাহিক অপপ্রচারের ফলে তার ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি সরকারি দাপ্তরিক স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এই বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জেলা প্রশাসকের অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। সাইবার ক্রাইম ইউনিটের কারিগরি সহায়তায় সংশ্লিষ্ট আইডিগুলো এবং এর নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।