নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে আজ বিকেলে শহরে মিছিল করে জামায়াত ছবি: ধ্রুব নিউজ
আসন্ন পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী । আজ বুধবার বিকেলে যশোর শহর শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি থেকে রমজানের পবিত্রতা রক্ষা ও সংযম প্রদর্শনের উদাত্ত আহ্বান জানানো হয়।
শহরের ঈদগাহ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
শহর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে মিছিল-পূর্ব সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াত নেতা ভিপি আব্দুল কাদের। সমাবেশে বক্তারা বলেন, রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে হবে। অসাধু সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সেদিকে কঠোর নজরদারি প্রয়োজন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আবুল হাসিম রেজা, জেলা জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী, শহর শাখার সেক্রেটারি ইমরান হুসাইন প্রমুখ।
বক্তারা পবিত্র রমজানের গুরুত্ব তুলে ধরে বলেন, রমজান কেবল না খেয়ে থাকার মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। তাই সমাজের সর্বস্তরে রমজানের পবিত্রতা বজায় রাখা এবং অশ্লীলতা ও বেহায়াপনা বর্জন করে সংযম প্রদর্শনের আহ্বান জানান তারা। একইসাথে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
মিছিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ তৌহিদী জনতা অংশ নেন।