নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার সকালে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শানতলা গ্রাম থেকে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা শুরু করেন অনিন্দ্য ইসলাম অমিত ছবি: ধ্রুব নিউজ
যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন স্থানীয় জনগণ। মঙ্গলবার সকালে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শানতলা গ্রাম থেকে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।
প্রচারণা চলাকালে এক পথসভায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা আগামীতে কেমন বাংলাদেশ গড়তে চাই, চব্বিশের গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা তার প্রমাণ দিয়েছি। সারাদেশের মতো যশোরেও পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে আমরা সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষের জানমাল, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ির সুরক্ষা নিশ্চিত করেছি। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী এবং ধর্মীয় ভিন্নতার কারণে মানুষের মধ্যে বিভেদ বা বিভাজনে বিশ্বাস করে না।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, কাশিমপুর ইউনিয়নের ভেঙে পড়া রাস্তার উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষে আমি ধানের শীষে ভোট চাই। আমার পিতা মরহুম তরিকুল ইসলাম এই গ্রামের মেঠোপথ থেকে শুরু করে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দিরের উন্নয়নের পাশাপাশি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলেন। কিন্তু গত ১৭ বছর এই এলাকার মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। আমি সেই অবহেলিত জনপদে নতুন করে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চাই।
এ সময় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ ধানের শীষের সমর্থনে মিছিলে অংশ নেন। তারা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রার্থীর সাথে কথা বলেন এবং আগামী নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।