নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাওলানা মাহাবুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় গঙ্গানন্দপুর জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মনিরুজ্জামান ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম কুদ্দুস বলেন, গঙ্গানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাওলানা মাহাবুর রহমানকে মনোনীত করা হয়েছে। তাঁর পক্ষে দলের সব পর্যায়ের নেতাকর্মী ও দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের কাছে প্রার্থীর পরিচিতি তুলে ধরার পাশাপাশি নির্বাচনী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সাংগঠনিক ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।
সমাবেশে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।