বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দুই দিনে ১ হাজার ৩৫০ মেট্রিক টন (নন বাসমতি) সিদ্ধ চাল আমদানি হয়েছে। ৯টি চালানে ৩৭টি ট্রাকে এসব চাল বন্দরে প্রবেশ করে। বন্দর সূত্র জানায়, রোববার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ভারতীয় আমদানিকৃত চালের দুটি চালানে ১৫টি ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। এর আগে গত ২৭ জানুয়ারি আরও ৭৭০ মেট্রিক টন চাল আমদানি হয়েছিল। সব মিলিয়ে দুই দিনে আমদানির পরিমাণ দাঁড়াল ১ হাজার ৩৫০ মেট্রিক টনে।
আমদানিকৃত চালের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাজী মুসা করিম অ্যান্ড সন্স। দেশের বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার শুল্কমুক্ত সুবিধায় চাল আমদানির অনুমতি দিয়েছে। আমদানি করা চালের প্রতি কেজির দাম সব খরচসহ পড়েছে প্রায় ৫০ টাকা। বেনাপোল বন্দর সূত্রে আরও জানা যায়, গত বছরের আগস্ট থেকে নভেম্বর—এই তিন মাসে বন্দর দিয়ে মোট ৬ হাজার ১২৮ মেট্রিক টন চাল আমদানি হয়েছিল। চলতি বছরের ১৮ জানুয়ারি সরকার ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট ২ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয়। এই অনুমতির মেয়াদ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ মার্চ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই আমদানিকৃত চাল দেশের বাজারে সরবরাহ করতে হবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ‘ভারত থেকে দুই দিনে ৩৭টি ট্রাকে ১ হাজার ৩৫০ মেট্রিক টন নন বাসমতি মোটা চাল আমদানি হয়েছে। এসব চাল দ্রুত খালাস করে বাজারে সরবরাহের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’ প্রসঙ্গত, চলতি মৌসুমে যশোর জেলায় মোট ৪৪টি আমদানিকারক প্রতিষ্ঠানকে ৪৫ হাজার ১০০ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হলেও এখন পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে মাত্র একটি প্রতিষ্ঠান চাল আমদানি করেছে।