নিজস্ব প্রতিবেদক
যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৫ম তলায় ফিতা কেটে শিশু আদালতের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম ছবি: ধ্রুব নিউজ
যশোরে শিশুদের জন্য আলাদা একটি বিশেষায়িত শিশু আদালতের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৫ম তলায় ফিতা কেটে এই আদালতের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম।
ইউনিসেফের আর্থিক সহযোগিতা এবং আইন ও বিচার বিভাগের এসআরসি প্রকল্পের কারিগরি সহায়তায় এই শিশু আদালতটি স্থাপন করা হয়েছে। উল্লেখ্য, এর আগে যশোরে শিশু আদালতের কার্যক্রম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অধীনে পরিচালিত হতো। এখন থেকে স্বতন্ত্র এই আদালতে শিশুদের বিচারিক কার্যক্রম সম্পন্ন হবে।
আদালত উদ্বোধন উপলক্ষে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সেমিনার কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি ও প্যানেল আইনজীবীদের অংশগ্রহণে ‘শিশু আইন-২০১৩’ শীর্ষক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এস এম মোর্শেদ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম শিশু বিচার ব্যবস্থা ও প্রচলিত ফৌজদারি বিচার ব্যবস্থার মৌলিক পার্থক্যগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। একইসাথে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও থানার কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন আইনগত দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে পারিবারিক সুরক্ষা, বিরোধ মীমাংসা ও প্রবেশন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মাইনুল হক। এছাড়াও শিশুর আইনগত প্রতিনিধিত্ব, আইনের সংস্পর্শে আসা শিশু, সুবিধাবঞ্চিত শিশু এবং বিকল্প পরিচর্যা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ড. আতোয়ার রহমান। উক্ত কর্মশালায় জেলার ৩০ জন প্যানেল আইনজীবী অংশগ্রহণ করেন।