কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এস কে এম সালাহ উদ্দীন বুলবুল সিডল বলেন, “মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তাঁর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য শান্তি, ন্যায়, সাম্য ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, নৈতিক মূল্যেও সমৃদ্ধ হতে হবে। বর্তমান সমাজের নানা অনৈতিকতা ও বিভেদ থেকে উত্তরণে মহানবী (সা.)-এর শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করা জরুরি। আগামী দিনের নেতৃত্ব দিতে হলে জ্ঞানার্জনের পাশাপাশি ভালো মানুষ হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।”
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য মো. খাইরুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক এস এম হুমায়ুন কবির বিপুলসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এর আগে নবম শ্রেণির ছাত্রী তাসনুভা ইসলাম সারার কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক আবু রাসেল। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।