Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঘরে বসে অবসরভাতা পেয়ে খুশি শিক্ষকরা: যশোরে আনন্দ মিছিলে সন্তোষ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৫:৩৯ পিএম
ঘরে বসে অবসরভাতা পেয়ে খুশি শিক্ষকরা: যশোরে আনন্দ মিছিলে সন্তোষ প্রকাশ

অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পেয়ে আনন্দ মিছিল করেছেন যশোরের শিক্ষক-কর্মচারীরা। ছবি: ধ্রুব নিউজ

কোনো ধরনের প্রশাসনিক জটিলতা কিংবা ঘুষ-হয়রানি ছাড়াই ঘরে বসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন যশোরের শিক্ষক-কর্মচারীরা। দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে শিক্ষক-কর্মচারীদের পাওনা টাকা সরাসরি ব্যাংকে পৌঁছে দেওয়ার এ ব্যবস্থার পর শহরের রাস্তায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

যশোরে ২ হাজার ৭৯১ জন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীকে মোট ৮৭ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়। সরাসরি ব্যাংকের মাধ্যমে এই টাকা পৌঁছে দেওয়ায় শিক্ষক পরিবারগুলোতে বইছে আনন্দের আমেজ।

বৃহস্পতিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোট যশোর জেলা শাখার উদ্যোগে এ উপলক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অতীতে নিজের জমানো টাকার জন্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের বৃদ্ধ বয়সে দ্বারে দ্বারে ঘুরতে হতো এবং নানা ধরনের হয়রানির শিকার হতে হতো। তবে বর্তমান সরকার কোনো প্রকার মধ্যস্বত্বভোগী ও ঘুষ ছাড়া সরাসরি ব্যাংকের মাধ্যমে দেশের ৭০ হাজারেরও বেশি শিক্ষক-কর্মচারীর পাওনা টাকা প্রদান সম্পন্ন করেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক সহযোগিতায় যশোর জেলা থেকে সবচেয়ে বেশি শিক্ষক এই সুবিধা গ্রহণ করেছেন।

বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোট যশোর জেলা শাখার সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান মধু। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা ফায়সাল রশীদ পান্নু, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ইবাদত খান, শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং জেলা শিক্ষক সমিতির সভাপতি রাজিব মাহমুদ।

সমাবেশ শেষে শিক্ষকদের অংশগ্রহণে প্রেসক্লাব যশোরের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা মোড়ে গিয়ে শেষ হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)