ধ্রুব ডেস্ক
বগুড়ায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে পড়ে নিয়ন্ত্রণহীন বাস। ছবি: সংগৃহীত
সিলেটে দুইবাসের মুখোমুখি সংঘর্ষে ৮জন এবং বগুড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অপেক্ষমান শ্রমিকদের চাপা দিলে ৬ জন নিহত হয়েছেন।
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেটের ওসমানীনগরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই বাসের সাত যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালান। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত তিন বছর বয়সী এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় আটজনে। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।
ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ১৫ জন।
শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম।
পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশের একটি বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে।
সেখানে কাজের সন্ধানে অনেক শ্রমিক অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ আরো জানায়, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।