নিজস্ব প্রতিবেদক
যশোরের মণিরামপুর উপজেলার ডুমুরখালি গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান হত্যা মামলায় তার ভাই আব্দুল হান্নানসহ পরিবারের তিন সদস্যকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এই চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা ও এসআই মিলন হোসেন।
চার্জশিটভুক্ত অভিযুক্ত আসামিরা হলো—নিহতের ভাই আব্দুল হান্নান, তার স্ত্রী রেশমা বেগম এবং তাদের ছেলে রহমতুল্লাহ।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১২ জুলাই দুপুরে বৈদ্যুতিক মিটার ভাঙা নিয়ে বিরোধের জের ধরে সৃষ্ট মারামারিতে গুরুতর আহত হন আব্দুল মান্নান। এ ঘটনায় নিহতের মেয়ে সুমাইয়া খাতুন বাদী হয়ে তাঁর চাচা, চাচি ও চাচাতো ভাইকে আসামি করে মণিরামপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান আব্দুল মান্নান। মামলার অভিযোগের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত ওই তিনজনকে আটক করে পুলিশ। এরপর এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় নিহতের ভাই আব্দুল হান্নান ও তাঁর ছেলে রহমতুল্লাহ।
মামলার তদন্তকালে আটক আসামিদের আদালতে দেওয়া জবানবন্দি এবং সাক্ষীদের জবানবন্দিতে হত্যার সাথে সরাসরি জড়িত থাকার প্রমাণ মেলায় ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত তিন আসামির সকলকেই গ্রেপ্তার ও আটক দেখানো হয়েছে।