নিজস্ব প্রতিবেদক
প্রতারণার অভিযোগে যশোর র্যাংস ইলেকট্রনিক্সের ইনচার্জ রবিউল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার যশোর আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট কাজী ফরিদুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি রবিউল র্যাংস ইলেকট্রনিক্সের রেল রোড শাখার দায়িত্বে আছেন।
মামলার অভিযোগে জানা গেছে, কাজী ফরিদুল ইসলাম ২০২৫ সালের ৫ নভেম্বর র্যাংস ইলেকট্রনিক্সের শো-রুম থেকে ৫৬ ইঞ্চি সনি ব্রান্ডের একটি টিভি কেনেন। টিভিটি কোম্পানির লোক বাসায় নিয়ে সেটিং করে দিয়ে আসে। এ সময় ফরিদুল ইসলাম বাসায় ছিলেন না। রাতে বাসায় ফিরে টিভি অন করে দেখতে পান ছবি ঝাপসা দেখা যাচ্ছে এবং চ্যানেল পরিবর্তন করার কয়েক সেকেন্ড পর ছবি ও শব্দ আসছে। এ ব্যাপারে শো-রুমে অভিযোগ দিলে তারা কর্ণপাত করেনি সংশ্লিষ্টরা। ৩১ মার্চ শো-রুমের কর্মচারী এসে টিভি পরীক্ষা-নিরিক্ষ করে ত্রুটি দেখতে পান। তখন কর্মচারীকে টিভি ফেরত নিয়ে যেতে বললে তিনি টিভি নিতে রাজি হননি। আসামি পুরাতন টিভি প্যাকেট করে নতুন বলে বিক্রির করেছে বলে গত ২৬ এপ্রিল লিগ্যাল নোটিশ দেয়া হয়। নোটিশ গ্রহণ করে তিনি জবাব দেননি। ৬ জুন আসামি রবিউল ইসলাম আইনজীবীর অফিসে গেলে টেলিভিশনটি ফেরতের কথা বলেন ওই আইনজীবী। কিন্তু টিভি ফিরিয়ে নিতে অস্বীকার করেন র্যাংস ইলেকট্রনিক্সের ইনচার্জ রবিউল ইসলাম। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।
ধ্রুব/টিএম