বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
ঘোড়া দৌড় প্রতিযোগিতা ছবি: ধ্রুব নিউজ
যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ ঘোড়দৌড় প্রতিযোগিতা। ধান কাটা শেষে কৃষকদের ফাঁকা মাঠে প্রতিবছরের ন্যায় এবারও এ আয়োজন করা হয়। বুধবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতাকে ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ।
আদমপুর ও ভিটাবল্যা যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ বছরের ঘোড়দৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ঘোড়া নিয়ে আরোহীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা দেখতে আশপাশের গ্রামসহ দূর-দূরান্ত থেকে হাজারো দর্শনার্থী মাঠে ভিড় জমান। নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

ঘোড়দৌড় উপলক্ষে আয়োজন করা হয় গ্রামীণ মেলারও। মেলায় বিভিন্ন ধরনের খেলনা, মিষ্টান্ন, স্থানীয় খাবার ও নানা পণ্যের দোকান বসে, যা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেয়। স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি নাফিজ ইকবাল এবং স্থানীয় ওয়ার্ড সদস্য মাসুম বিশ্বাস।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় তারা গ্রামীণ ক্রীড়া ও লোকজ সংস্কৃতির এই ঐতিহ্যবাহী আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয়দের বিশ্বাস, ঘোড়দৌড় শুধু একটি খেলা নয়, এটি বাংলার গ্রামীণ ঐতিহ্য, সম্প্রীতি ও আনন্দের এক অনন্য প্রতিচ্ছবি। প্রতি বছরের মতো এবারও এই আয়োজন এলাকাবাসীর মধ্যে উৎসবের আবহ সৃষ্টি করেছে।
ধ্রুব/টিএম