Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১০ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যুক্তরাষ্ট্র ও ইরান ফের পাল্টাপাল্টি হামলা

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : বুধবার, ১০ জুন,২০২৬, ১০:৩৫ এ এম
যুক্তরাষ্ট্র ও ইরান ফের পাল্টাপাল্টি হামলা

ইরানের একটি ক্ষেপণাস্ত্র ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাত ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার জের ধরে মঙ্গলবার (৯ জুন) রাতে ইরানের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বীপে মার্কিন বাহিনী বিমান হামলা চালায়। এর পাল্টা জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর ‘ফিফথ ফ্লিট’ এবং জর্ডানের একটি মার্কিন বিমানঘাঁটিতে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে একযোগে বড় ধরনের হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, দুই পক্ষের মধ্যে এই মুহূর্তে তীব্র সংঘাত চলছে। যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর জবাব দেওয়া হবে। এই পাল্টা হামলাকে বড় আকারের প্রতিশোধমূলক অভিযানের প্রথম ধাপ হিসেবে উল্লেখ করে আইআরজিসি দাবি করেছে, তারা মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন মার্কিন বিমান ও নৌঘাঁটির অন্তত ২১টি নিশানায় সফলভাবে আঘাত হেনেছে। পাশাপাশি ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক ‘এমকিউ-৯’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়, জর্ডানের যে বিমানঘাঁটিতে মার্কিন সামরিক সদস্যরা থাকেন, সেখানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সাহায্যে সুনির্দিষ্ট আঘাত হানা হয়েছে। আইআরজিসির ছোড়া ক্ষেপণাস্ত্র ঘাঁটিটির চারটি গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, যার মধ্যে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং একটি প্রধান কমান্ড ও কন্ট্রোল কেন্দ্র রয়েছে।

এই সংঘাতের সূত্রপাত ঘটে মঙ্গলবার সকালে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেন, হরমুজ প্রণালির ওপর টহলরত যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার আগের রাতে ভূপাতিত করেছে ইরান। এই হামলার জবাব দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য ‘অনিবার্য’ উল্লেখ করে ট্রাম্প ঘোষণা দেন, মার্কিন বাহিনীকে অবশ্যই এর প্রতিক্রিয়া জানাতে হবে। হামলার ঘোষণা দেওয়ার ঠিক আগে এবিসি নিউজের প্রধান ওয়াশিংটন সংবাদদাতা জোনাথন কার্লের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া হবে ‘খুবই শক্তিশালী’।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। বার্তা সংস্থা রয়টার্স ও মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের গ্লোবাল অ্যাফেয়ার্স প্রতিবেদক বারাক রাভিদের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালির আশপাশে অবস্থিত ইরানের বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী। আইআরজিসি নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলে জাস্ক, সিরিক ও কেশম দ্বীপের কয়েকটি স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। প্রথম দফার হামলার কয়েক ঘণ্টা পরই বন্দর আব্বাস শহরে এবং পরবর্তীতে কেশম দ্বীপে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা যায়, যাকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তৃতীয় দফার হামলা হিসেবে উল্লেখ করেছে। মার্কিন হামলায় সিরিকের বেমানি জেলায় একটি গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত এবং দুটি পানির ট্যাংক ধ্বংস হয়েছে।

যুক্তরাষ্ট্রের এই আকস্মিক হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরান কোনো ধরনের হামলা বা হুমকির জবাব না দিয়ে ছেড়ে দেবে না। তবে মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ওয়াশিংটন মনে করে না যে এই হামলা যুদ্ধ বন্ধে চলমান আলোচনাকে ব্যাহত করবে। এই হামলা মূলত ইরানকে একটি কঠোর ‘সতর্কবার্তা’ দেওয়ার জন্যই পরিচালনা করা হয়েছে।

এদিকে এই দুই পরাশক্তির পাল্টাপাল্টি রক্তক্ষয়ী হামলার জেরে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র উত্তেজনা ও যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় কুয়েতের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সম্পূর্ণ সক্রিয় করা হয়েছে এবং এর সাহায্যে যেকোনো ধরনের ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কুয়েতের সেনাবাহিনী তাদের দেশের সাধারণ বাসিন্দাদের কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা নির্দেশনা ও সতর্কতামূলক পরামর্শ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গুজব এড়াতে বাসিন্দাদের শুধু সরকারি সূত্র থেকে তথ্য সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)