নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোর শহরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক যুবককে চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। বর্তমানে গুরুতর আহত ওই যুবক যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা এখন সংকটাপন্ন।
শুক্রবার (১৫ মে) রাত ১০টা ৪৫ মিনিটে যশোর সদর উপজেলার চার খাম্বার মোড় এলাকায় এই সহিংস ঘটনা ঘটে। আহত যুবকের নাম মো: রাকিব হোসেন (২৪)। তিনি যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা সুমনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার খাম্বার মোড় এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভুক্তভোগী মো: রাকিব হোসেনের সঙ্গে অভিযুক্ত নাইম (১৯) নামের এক যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শহরের টিবি ক্লিনিক মোড় এলাকার বাসিন্দা নাইম ধারালো চাকু দিয়ে রাকিবের পেটের ডান পাশে এবং ডান হাতের বাহুতে এলোপাতাড়ি আঘাত করেন। এতে রাকিব গুরুতর রক্তাক্ত জখম হলে অভিযুক্ত নাইম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় রাকিবকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এই নৃশংস ঘটনার পর থেকে স্থানীয় এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, জড়িতকে আটকে অভিযান চালানো হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।