❒ অভয়নগরে ব্যবসায়ী আনিছুর খুন
অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল । ছবি: ধ্রুব নিউজ
যশোরের শিল্প শহর নওয়াপাড়ার ব্যবসায়ী আনিছুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নানা মহলে উদ্বেগ ও বিক্ষোভ চলমান রয়েছে।
বুধবার দিনব্যাপী হরতাল পালনের পর আজ বৃহস্পতিবার (১৪ মে) উপজেলা শাখা জামায়াতে ইসলামি ব্যবসায়ী আনিছুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। বিকালে নওয়াপাড়া বাজারে যশোর-খুলনা মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলের পূর্বে নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসা সংলগ্ন ‘আনিছ ট্রেড ভ্যালী’ মার্কেটের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
অভয়নগর উপজেলা শাখা জামায়াতে ইসলামির আমির সরদার শরীফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামির আমির অধ্যাপক গোলাম রছুল। এ সময় তিনি বলেন, ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।
উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি মহিউল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক আমির মশিউর রহমান, নওয়াপাড়া পৌর শাখা জামায়াতে ইসলামির আমির আলতাফ হোসেন, সহ-সেক্রেটারি গোলাম মোস্তফা, যশোর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এম এম আশিকুজ্জামান প্রমুখ।
গত ৬ মে সন্ধ্যায় বাসা ভাড়া দিতে না চাওয়ায় ব্যবসায়ী আনিছুর রহমানকে গুয়াখোলা গ্রামে পীরবাড়ী মাদারসাসংলগ্ন তার বহুতলা মার্কেট ‘আকিজ ট্রেড ভ্যালী’র সামনে কুপিয়ে জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় নেওয়ার পথে দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। পরদিন নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে গুয়াখোলা গ্রামের শাহ মো. জোনায়েদের ছেলে শাহ মো. মাহমুদ, একই গ্রামের নিছার আলীর ছেলে নাসির উদ্দিনসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেন।
নিহত আনিছুর রহমান নওয়াপাড়ায় সার ,সিমেন্ট খাদ্যশষ্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের পরিচালক ছিলেন।
ধ্রুব/এস.আই