নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। ছবি: ধ্রুব নিউজ
যশোরের শার্শা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। পুলিশের দাবি, মাদকের বিস্তার রোধ এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মো. শরিফুল ইসলাম ও অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (নিঃ) মো. লাভলু মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম বৃহস্পতিবার (১৪ মে) রাত ১১টা ৩০ মিনিটে শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রুদ্রপুর গ্রামের উত্তরপাড়াস্থ জনৈক মো. সিরাজের বসতবাড়ির একতলা ভবনের সামনের উঠান থেকে মো. সৈকত হোসেন দুলদুল (২১) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামি মো. সৈকত হোসেন দুলদুল রুদ্রপুর (উত্তরপাড়া) গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার (১৫ মে) সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে যশোরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি প্রয়োজন।
এ বিষয়ে শার্শা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।