ক্রীড়া ডেস্ক
র্যাংকিং-এ পাকিস্তানের পোস্টারবয় বাবর আজমের সাথে যৌথভাবে ২৩ তম পজিশনে উঠে এসেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত ছবি: প্রতীকি/এআই
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের আনন্দ যেন দ্বিগুণ হয়ে ধরা দিল বাংলাদেশ শিবিরে। মাঠের পারফরম্যান্সের প্রতিফলন ঘটেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ র্যাঙ্কিংয়েও। বুধবার প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে বড় লাফ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের ব্যাটিং স্তম্ভ বাবর আজমকে স্পর্শ করে ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছে গেছেন এই বাঁহাতি ব্যাটার।
মিরপুর টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার হাতেনাতে পেলেন নাজমুল হোসেন শান্ত। দুই ইনিংসে ১০১ ও ৮৭ রানের লড়াকু ইনিংস খেলে র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে তার অবস্থান ২৩ নম্বরে। পাকিস্তানের বাবর আজমও একই অবস্থানে রয়েছেন। মিরপুর টেস্টে বাবর খেলতে না পারায় তার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, আর সেই সুযোগে তাকে ধরে ফেলেছেন টাইগার অধিনায়ক।
ব্যক্তিগত র্যাঙ্কিংয়ের পাশাপাশি একটি অনন্য রেকর্ডও নিজের করে নিয়েছেন শান্ত। দেশের টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শতক হাঁকানোর তালিকায় মুশফিকুর রহিমকে ছাড়িয়ে গেছেন তিনি। অধিনায়ক হিসেবে এটি ছিল শান্তর পঞ্চম সেঞ্চুরি।
ব্যাটিংয়ে উন্নতি মুশফিক-মুমিনুলের
শান্তর পাশাপাশি অভিজ্ঞ ব্যাটারদের উন্নতিও চোখে পড়ার মতো। প্রথম ইনিংসে ৭১ ও দ্বিতীয় ইনিংসে ২২ রান করে দুই ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন মুশফিকুর রহিম। অন্যদিকে, সাবেক অধিনায়ক মুমিনুল হক ১২ ধাপের বিশাল লাফ দিয়েছেন। দুই ইনিংসে ৯১ ও ৫৬ রানের নান্দনিক ইনিংস খেলে তিনি এখন অবস্থান করছেন ৩৫ নম্বরে।
বোলিংয়ে দাপট তাইজুল ও নাহিদ রানার
বোলিং বিভাগেও লাল-সবুজের প্রতিনিধিদের জয়জয়কার। বল হাতে গতির ঝড় তোলা তরুণ পেসার নাহিদ রানা পাঁচ ধাপ এগিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখা এই পেসারের বর্তমান অবস্থান ৬৪তম। অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৩ নম্বরে।
অন্যদিকে, পাকিস্তানের বোলারদের মধ্যে প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকার করা মোহাম্মদ আব্বাস পুনরায় র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন; তার অবস্থান এখন ২৮তম।
টেস্ট ক্রিকেটে ব্যাটারদের তালিকায় এখনো নিজের রাজত্ব ধরে রেখেছেন ইংল্যান্ডের জো রুট। বোলারদের লড়াইয়ে সবার উপরে আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ এবং অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ১০৪ রানের দাপুটে জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের এই অভাবনীয় উন্নতি সিরিজের পরবর্তী ম্যাচে টাইগারদের জন্য বড় ধরনের আত্মবিশ্বাস হিসেবে কাজ করবে।