ধ্রুব নিউজ
রাজধানী ঢাকার সাথে যশোরেও ভার্চুয়ালী পুলিশ সপ্তাহের উদ্বোধন করা হয়। ছবি: ধ্রুব নিউজ
আজ রোববার (১০ মে) সকাল ৯টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৬।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, জনসেবামূলক কার্যক্রম ও আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের অবদানের প্রশংসা করেন। তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
পরে রাজারবাগ পুলিশ লাইন্স বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে বিশেষ কল্যাণ প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী উপস্থিত ও ভার্চুয়ালি যুক্ত থাকা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি পুলিশ সদস্যদের কল্যাণ, দক্ষতা বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় যশোর জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেড থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন যশোর জেলা পুলিশসহ জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা। তারা প্রধানমন্ত্রী’র বক্তব্য মনোযোগ সহকারে অনুসরণ করেন।
অনুষ্ঠান শেষে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে যশোর পুলিশ লাইন্সে প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৩ মে পর্যন্ত চলমান পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি, আলোচনা সভা ও কল্যাণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ধ্রুব/এস.আই