নিজস্ব প্রতিবেদক
যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনে রং করার সময় ছাদ থেকে পড়ে মো. হাবিব (২৫) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। রোববার (১০ মে) বিকেল সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত হাবিব যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর এলাকার আব্দুস সালামের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাবিব পাসপোর্ট অফিসের চারতলা ভবনে রং করার কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে তিনি সিঁড়িঘরের ওপরের অংশ থেকে নিচের ছাদের ওপর পড়ে যান। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেছেন।