Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ উদ্বোধন করবেন ৫০০ শয্যা যমেক হাসপাতাল

যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেখ জালাল শেখ জালাল
প্রকাশ : শনিবার, ৪ এপ্রিল,২০২৬, ০২:৫৪ পিএম
আপডেট : শনিবার, ৪ এপ্রিল,২০২৬, ০৪:২১ পিএম
যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের পর এটিই হবে তার প্রথম যশোর সফর। এই সফরকে কেন্দ্র করে যশোরে সাজ সাজ রব। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরের ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সফরকালে তিনি বহুল প্রতীক্ষিত যশোর ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত শার্শা উপজেলার উলসী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

আগামী ১২ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী যশোরে আসবেন বলে দলীয় সূত্র থেকে প্রাথমিকভাবে  নিশ্চিত করা হয়েছে। তবে সফরের চূড়ান্ত দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি। আগামীকাল রবিবার প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি জানা যাবে বলে জেলা বিএনপি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

শনিবার এ বিষয়ে জানতে চাইলে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, আগামী ১২ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী যশোর আসবেন এটি নিশ্চিত। তবে এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে গণমাধ্যমকে জানানো হবে।

২০১১ সালে যশোর মেডিকেল কলেজ স্থাপন করা হলেও দীর্ঘ ১৫ বছরে এখনও হাসপাতাল কার্যক্রম শুরু হয়নি। বর্তমানে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার জন্য ৫ কিলোমিটার দূরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যেতে হয়। সাতক্ষীরা ও কুষ্টিয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল চালু হলেও যশোরে না হওয়ায় ক্ষোভ ছিল স্থানীয়দের। প্রধানমন্ত্রী তারেক রহমান ৫০০ শয্যার এই হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, যা এই অঞ্চলের চিকিৎসাসেবায় এক নতুন দিগন্তের সূচনা করবে।

প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছেন। এরই অংশ হিসেবে তিনি শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। ৫০ বছর আগে ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে কোদাল নিয়ে এই খালের খনন কাজ শুরু করেছিলেন, যা ইতিহাসে ‘উলশী-যদুনাথপুর প্রকল্প’বা ‘জিয়া খাল’নামে পরিচিত। দীর্ঘদিন সংস্কারের অভাবে ভরাট হয়ে যাওয়া এই খালটি পুনঃখননের মাধ্যমে কৃষি ও পানি ব্যবস্থাপনায় প্রাণ ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

যশোর জেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক হাজী আনিচুর রহমান মুকুল বলেন, আগামী ১২ এপ্রিলের মধ্যে যশোর আসবেন প্রধানমন্ত্রী। তবে এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

যশোর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেন, যশোর আসবেন প্রধানমন্ত্রী। তবে এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। রোববার এ বিষয় জানা যাবে বলে তিনি জানান।

সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা প্রশাসন ও দলীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জনসভাকে সফল করতে তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীরা কাজ করছেন

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন পুনরায় নিশ্চিত করেন, প্রধানমন্ত্রী ঈদগাহ ময়দানে সমাবেশ করবেন এবং তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উলশী খাল ও ৫০০ শয্যার হাসপাতালের উদ্বোধন করবেন।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)