❒ আল হিকমাহ ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের তাফসীর মাহফিল
নিজস্ব প্রতিবেদক
আল হিকমাহ ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে শুক্রবার প্রধান অতিথির বক্তৃতা করছেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এড. গাজী এনামুল হক। ছবি: ধ্রুব নিউজ
যশোর-৫ আসনের সংসদ সদস্য় এড. গাজী এনামুল হক জ্ঞান-বিজ্ঞান চর্চা তথা মেধা বিকাশে পাঠাগারের অপরিহার্যতা তুলে ধরে বলেছেন, ব্যক্তি পরিবার সমাজ তথা রাষ্ট্রের গুনগত পরিবর্তনে পাঠাগার অন্যতম ভূমিকা পালন করতে পারে।
শুক্রবার (৩ এপ্রিল) আল হিকমাহ ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলছিলেন। এ সময় তিনি যশোরের সন্তান হিসেবে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। গাজী এনামুল প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
চাঁচড়া ডালমিল মডেল সিটি সংলগ্ন মাঠে আসর নামাজের পর থেকে এদিন মাহফিল শুরু হয়। যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় দ্বীন প্রচার ও ইসলামী মূল্যবোধ প্রসারের লক্ষে এটি আল হিকমাহ’র প্রথম বার্ষিক মাহফিল।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন বাংলাদেশ ক্বরিয়াানা কুরআন শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ ক্বরি মাও. মেহেদী হাসান যশোরী।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল হিকমাহ ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সভাপতি মাও. হাসান আল মামুন (লাল)। মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি খোরশেদ আলম মনা ভূঁইয়া। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামির ভারপ্রাপ্ত শহর আমির মাও. ইসমাইল হোসেন। সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক নবিউল ইসলাম বানু।

মাহফিলের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল দক্ষিণবঙ্গের জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পী ও তারার মেলা শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান এড. রোকনুজ্জামান-এর পরিবেশনা। তার সুললিত কণ্ঠে ইসলামী সংগীত মাহফিলে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চাল্য সৃষ্টি করে।
স্থানীয় এলাকাবাসী ও দূর-দূরান্ত থেকে আসা শত শত মুসুল্লির উপস্থিতিতে মাহফিলটি এক আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত হয়। নারীদের জন্য পর্দা সহকারে ওয়াজ শোনার বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছিল। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
কপোতাক্ষ হজ্জ গ্রুপ মাহফিলে সার্বিক সহযোগিতা করে।
ধ্রুব/এস.আই