নিজস্ব প্রতিবেদক
প্রায় ৯ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছবি: ধ্রুব নিউজ
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এক আসামিসহ প্রায় ৯ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ মার্চ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, এদিন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহল দল হিজলী, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় ১ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), দুই বোতল এলএসডি (প্রতি বোতল ১০০ মিলিলিটার), ১৬৫ গ্রাম গাঁজা এবং ১০০ বোতল উইনসারেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া একটি মোটরসাইকেল, ১২৫টি শাড়ি, তিনটি কম্বল, এক কেজি আমসত্ত্ব, ৯৬০টি বিভিন্ন ধরনের ওষুধ, ৫ হাজার ১২৫টি চকলেট এবং ২ হাজার ২৬২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মাদক ও পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ২২৭ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনার মাধ্যমে গোয়েন্দা তৎপরতা ও অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।