নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
যিনি দিনরাত এক করে হাজারো মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করেন, আজ তার নিজের পরিবারই চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। একজন পুলিশ কর্মকর্তার পেশাগত দায়িত্ব পালনই যেন তার স্ত্রী ও সন্তানদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। নিজের এবং পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা ও সম্মান রক্ষায় শেষ পর্যন্ত কোতোয়ালি মডেল থানায় জিডি করতে বাধ্য হয়েছেন ডিবি পুলিশের সাবেক উপ-পরিদর্শক মফিজুল ইসলামের স্ত্রী আবিদ আরা পারভীন।
গত মঙ্গলবার রাতে করা এই জিডিতে তিনি নাটোরের পলাতক আসামি আজিজুর রহমান রতন (৪৮) ও যশোরের স্থানীয় শিক্ষক মো. মাহমুদ ইসলাম মামুন (৩৬)-এর নাম উল্লেখ করেছেন। বর্তমানে যশোর শহরের পুরাতন কসবা এলাকায় ভাড়া বাড়িতে থাকা এই পরিবারটি এখন গভীর উদ্বেগের মধ্যে রয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপ-পরিদর্শক মফিজুল ইসলাম বর্তমানে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত আছেন। ২০১৭ সালে নারায়ণগঞ্জ ডিবিতে কর্মরত থাকাকালীন তিনি সাহসিকতার সাথে অভিযান চালিয়ে সন্ত্রাসী আজিজুর রহমান রতনকে একটি পিস্তলসহ হাতেনাতে গ্রেপ্তার করেন। সেই পুরোনো আক্রোশ মেটাতেই রতন এখন পলাতক থেকে ওই পুলিশ কর্মকর্তার পরিবারকে সামাজিক ও মানসিকভাবে হেনস্তা করছেন।
লিখিত অভিযোগে গৃহবধূ আবিদ আরা পারভীন উল্লেখ করেন, রতন তার ফেসবুক পেজ থেকে এসআই মফিজুলকে 'দেখে নেওয়া'র প্রকাশ্য হুমকি দিচ্ছেন এবং বানোয়াট তথ্য ছড়িয়ে চরিত্রহনন করছেন। শুধু তাই নয়, গত ৬ মার্চ রতন গোপনে যশোরে এসে স্থানীয় মামুন ও আরও কিছু অপরিচিত সন্ত্রাসীকে নিয়ে গোপন বৈঠক করেছেন। তারা পারভীনের পরিবারের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনা করছে বলে তিনি আশঙ্কা করছেন।
মেয়ের পরীক্ষার কারণে বর্তমানে যশোরে অবস্থান করা এই পুলিশ পত্নী এখন প্রতিমুহূর্তে এক অজানা আতঙ্কে দিন কাটাচ্ছেন।