নিজস্ব প্রতিবেদক
অপহৃত আবিদ হাসান ছবি: সংগৃহীত
যশোরে অপহরণের আতঙ্ক যেন কাটছেই না। গত ৯ দিন ধরে জিম্মি থাকা ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে বুধবার গভীর রাতে যখন র্যাব উদ্ধার করল, ঠিক সেই রাতেই নুতন করে এক গ্রামীণফোন (জিপি) বিক্রয় প্রতিনিধিকে অপহরণের খবর পাওয়া গেছে। এবার অপহৃতের নাম আবিদ হাসান (২৮), যার মুক্তির বিনিময়ে লাখ টাকা মুক্তিপণ দাবি করছে দুর্বৃত্তরা।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১টা। চৌগাছা উপজেলার পাশাপোল খলসি গ্রামের একটি নির্জন ইটভাটার পাশের ঝুপড়ি ঘর থেকে র্যাব-৬-এর সদস্যরা উদ্ধার করেন অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে। গত ২ মার্চ তাকে ১ কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়েছিল। উদ্ধারের সময় দেখা যায়, অপহরণকারীরা তাকে তার নিজের মোটরসাইকেলের সাথেই শিকল দিয়ে বেঁধে রেখেছিল। নয় দিন পর তাকে ফিরে পেয়ে পরিবারে যখন স্বস্তির নিঃশ্বাস, ঠিক তখনই সদরের ছাতিয়ানতলা থেকে এল নতুন দুঃসংবাদ।
যশোর সদরের বলরামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে আবিদ হাসান ছাতিয়ানতলা গ্রামীণফোন সেন্টারের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত। বুধবার সকালে কর্মস্থলে গেলেও রাত ৮টার দিকে অফিস থেকে জানানো হয়, আবিদ নিখোঁজ।
আবিদের নিখোঁজ সংবাদে স্বজনরা যখন হন্যে হয়ে খুঁজছেন, তখনই একটি অপরিচিত নম্বর থেকে তার স্ত্রীর মোবাইলে কল আসে। ফোনের ওপার থেকে আবিদ হাসান কান্নাজড়িত কণ্ঠে তাকে বাঁচানোর আকুতি জানান। এরপরই অপহরণকারীরা আবিদের পিতার কাছে ফোন করে লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা জানায়, আবিদের কাছে থাকা বিপুল পরিমাণ গ্রামীণফোন স্ক্র্যাচ কার্ড ও নগদ টাকা তারা ছিনিয়ে নিয়েছে। এখন মুক্তিপণ না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
একই রাতে এক ব্যবসায়ী উদ্ধার ও অন্য এক কর্মীর অপহরণের ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। আবিদ হাসানের স্ত্রী মিনি খাতুন বুধবার গভীর রাতে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, আমরা গুরুত্বের সাথে আবিদ হাসানকে উদ্ধারের চেষ্টা করছি এবং অপহরণকারীদের অবস্থান শনাক্ত করার কাজ চলছে।