নিজস্ব প্রতিবেদক
স্বর্ণের বারসহ আটক আবু সাইট ছবি: ধ্রুব নিউজ
যশোরে পাচারকালে প্রায় ৫৪ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় যশোর সদর উপজেলার দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত পাচারকারী হলেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার কালিনগর গ্রামের আবু সাইদ (৪১)। তল্লাশিকালে তার কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩৩.২৯ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৮ হাজার ৮২৮ টাকা। মোবাইল ও নগদ অর্থসহ জব্দকৃত মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে ৫৪ লাখ ৩০ হাজার ১৪৮ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবু সাইদ জানান, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সাম্প্রতিক সময়ে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বাড়ায় সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাচার রোধে বিজিবির এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটককৃত আসামিকে মামলা দায়েরের পর যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।