বেনাপোল প্রতিনিধি
দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল এলাকা থেকে নিষিদ্ধ মাদকসহ এক ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার ৬০০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে বেনাপোল বন্দরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আনার গাজী। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার মনিগ্রাম সুকপুর গ্রামের হাজরা গাজীর ছেলে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লা ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে একটি ভারতীয় ট্রাকে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে ট্রাকটির চালকের আসনের নিচে লুকানো অবস্থায় ১ হাজার ৬০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক চালক ও জব্দ করা ট্যাবলেট পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।