নিজস্ব প্রতিবেদক
উদ্ধারকৃত ককটেল ছবি: সংগৃহীত
যশোর যশোরে রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দা থেকে ১১টি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাব-৬-এর সদস্যরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শহরের রেল স্টেশন সংলগ্ন বস্তি এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোরের একটি আভিযানিক দল যশোর রেলওয়ে স্টেশনের সামনে মোবাইল টাওয়ার সংলগ্ন বস্তি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে রেলওয়ের একটি পরিত্যক্ত কোয়ার্টারের ভেতরের বারান্দার মেঝেতে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১১টি ককটেল পাওয়া যায়।
উদ্ধারকৃত ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল বলে জানিয়েছে র্যাব। পরবর্তীতে ককটেলগুলো জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি বা বড় ধরনের কোনো নাশকতার উদ্দেশ্যে এগুলো মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।