নিজস্ব প্রতিবেদক
যশোর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা দিবস পালিত ছবি: ধ্রুব নিউজ
অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ও অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে সেমিনার ও সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।
সোমবার সকালে শহরতলীর পুলেরহাটে আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ডা. সালাহ উদ্দিন খান লেকচার থিয়েটারে ‘সেলিব্রেশন অব অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস উইক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হক। সভাপতিত্ব করেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সুষ্মিতা নার্গিস। বিশেষ অতিথি ছিলেন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এএসএম রিজওয়ান।
সেমিনারে রিসোর্স পারসন হিসেবে আলোচনা করেন মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুরভি ইরা সুচি। আলোচক ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুলতানা জাহান তুলি। সেমিনারটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক ডা. সুমাইয়া পারভীন।
আলোচনায় বক্তারা বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা জীবাণুর ওষুধ প্রতিরোধী হয়ে ওঠা বর্তমানে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি। অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ও অপরিকল্পিত ব্যবহার এ সংকটকে আরও তীব্র করছে। এ অবস্থা মোকাবিলায় চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ এবং চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত মাত্রা ও সময়সূচি মেনে ওষুধ সেবন নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশে ব্যবস্থাপত্র ছাড়া সরাসরি অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এ বিষয়ে চিকিৎসক, ফার্মাসিস্ট ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আচরণগত পরিবর্তন আনতে হবে। অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে সাধারণ সংক্রমণের চিকিৎসাও কঠিন হয়ে পড়তে পারে।
সেমিনার শেষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এতে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।