ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে, যা গত দুই মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। এর ফলে হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হালনাগাদ চিত্র তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও হামের উপসর্গে ৯ জন প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন এবং সিলেট ও খুলনা বিভাগে ১ জন করে রয়েছে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছেন মোট ১ হাজার ২৪৭ জন। পাশাপাশি নিশ্চিত হামে প্রাণ হারিয়েছেন আরও ১০৫ জন। এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং সন্দেহজনক হামের রোগী হিসেবে চিহ্নিত হয়েছেন ১ হাজার ১৬২ জন।
নতুন শনাক্ত হওয়া নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন, সিলেটে ১৮ জন এবং চট্টগ্রামে ১৫ জন রয়েছেন। অন্যদিকে, সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫০৩ জন, চট্টগ্রামে ২২৮ জন, সিলেটে ১৫৮ জন, বরিশালে ১০০ জন, ময়মনসিংহে ৫৩ জন, খুলনায় ৪৯ জন, রংপুরে ৩৬ জন এবং রাজশাহী বিভাগে ৩৫ জন নতুন রোগী পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জন। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ১৩৬ জন। এই সময়ে সন্দেহজনক হাম নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৬৪ জন হাম রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯৮৭ জন।
বিভাগীয় পর্যায়ে মৃত্যুর চিত্রে দেখা গেছে, হামের উপসর্গে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৫৬০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেটে ২২২ জন, চট্টগ্রামে ১২৮ জন, ময়মনসিংহে ৯৫ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭০ জন, খুলনায় ৬১ জন এবং রংপুর বিভাগে ১৮ জন মারা গেছেন।
অন্যদিকে, নিশ্চিত হামে মৃতদের মধ্যেও শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ, যেখানে ৬৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেট ও রাজশাহী বিভাগে ৩ জন করে এবং ময়মনসিংহ বিভাগে ২ জন প্রাণ হারিয়েছেন।