ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: বাসস
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারো প্রাণহানির ঘটনা ঘটেনি। মৃতদের একজন ঢাকা বিভাগের এবং অপরজন খুলনা বিভাগের বাসিন্দা।
শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন করে আরও ৯৪ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এবং ৮৩১ জনের শরীরে হামের উপসর্গ ধরা পড়েছে।
সবশেষ হিসাব অনুযায়ী, দেশে সন্দেহজনক হামে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৮ জনে। অন্যদিকে, নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছেন ১০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ২ লাখ ৫৫ হাজার ৪২৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬০ জনে। এ ছাড়া সন্দেহজনক ও নিশ্চিত হাম আক্রান্তদের মধ্যে ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।