নিজস্ব প্রতিবেদক
ছবি: সংসদ সদস্যের ফেসবুক থেকে নেওয়া
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যশোর সেনানিবাসের অনুষ্ঠানে রাষ্ট্রীয় পদমর্যাদা (ওয়ারেন্ট অব প্রেসিডেন্স) লঙ্ঘন এবং বক্তব্যে সংসদ সদস্যদের যথাযথভাবে সম্বোধন না করার অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. গাজী এনামুল হক।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

সংসদ সদস্য অ্যাড. গাজী এনামুল হকের ফেসবুক পোস্ট ধ্রুব নিউজ
ফেসবুক পোস্টে গাজী এনামুল হক লেখেন, আজ ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যশোর ক্যান্টনমেন্টে সংসদ সদস্য হিসেবে তাদের দাওয়াত ছিল। সেখানে রাষ্ট্রীয় পদমর্যাদা (ওয়ারেন্ট অব প্রেসিডেন্স) ভঙ্গ করা হয়েছে এবং আমন্ত্রণকারীরা লিখিত বক্তব্য দেওয়ার সময় উপস্থিত সংসদ সদস্যদের সম্বোধন করেননি।
বিরোধী দলের সংসদ সদস্য হওয়ার কারণেই এমন আচরণ করা হয়েছে বলে ইঙ্গিত করে পোস্টে তিনি লেখেন, যারা বক্তব্য দেওয়ার সময় জনগণের বিপুল ভোটে নির্বাচিত উপস্থিত সংসদ সদস্যরা বিরোধী দলের হওয়ার কারণে 'সংসদ সদস্য' সম্বোধন করতে বুকে কষ্টবোধ করেন, তাদের জানা উচিত—ইনশাআল্লাহ আল্লাহর রহমতে একদিন তারাও এই রাষ্ট্র পরিচালনা করবেন।
বাংলাদেশ সেনাবাহিনীর মতো মর্যাদাবান প্রতিষ্ঠানের কাছ থেকে আমন্ত্রিত সম্মানিত অতিথিদের প্রতি এমন আচরণ ও হীনমন্যতাকে জাতির জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেন যশোর-৫ আসনের এই সংসদ সদস্য।