❒ মেলার বিষয়ে সিদ্ধান্ত পরবর্তীতে
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
আগামী ২০২৭ সালের ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০৩ তম জন্মবার্ষিকী আড়ম্বরের সাথেই পালিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে। যশোরের জেলা প্রশাসকের অমিত্রাক্ষর সম্মেলন কক্ষে মহাকবির জন্ম দিন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়। তবে মধুমেলার আয়োজন হবে কিনা বা কত দিনের মেলা হবে এ বিষয়ে এই সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি এ সভার সভাপতিত্ব করছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, ডিডিএলজি ও পৌর প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ, বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল হোসেন আজাদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ। এ সময় আলোচকরা বর্ততমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন স্থানীয় নির্ববাচন মাথায় রেখে অনুষ্ঠান বিন্যাসের অনুরোধ করেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় মধুমেলা বিষয়ে করণীয় নির্ধারণে যশোর সদর আসনের এমপি বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর সাথে আলোচনার সিদ্ধান্ত হয়।