Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ "রাজনীতির ময়দানে আবেগের কোনো জায়গা নেই"

অধিবেশন শেষেই নিজ এলাকায় ফিরতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৭:৫৬ পিএম
অধিবেশন শেষেই নিজ এলাকায় ফিরতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

বিএনপির সংসদীয় দলের সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: পিএমও

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চলমান নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় সক্রিয় থাকার কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এই নির্দেশ প্রদান করেন। বৈঠকে উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার পরপরই সব সংসদ সদস্যকে এলাকায় ফিরে গিয়ে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক ও রাজনৈতিক তৎপরতা চালানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

​বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এবং হুইপ আশরাফ উদ্দিন নিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার শুরুতে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী তাঁর নিজ এলাকায় ঘটে যাওয়া সাম্প্রতিক সহিংসতার চিত্র তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একদল দুর্বৃত্ত তাঁর পৈতৃক নিবাসসহ আত্মীয়-স্বজনের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করেছে, যাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় নিজ এলাকায় দলীয় নেতাকর্মীদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়ার আক্ষেপও ব্যক্ত করেন তিনি।

​জিলানীর এমন বক্তব্যের প্রেক্ষিতে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়ে বলেন, রাজনীতির ময়দানে আবেগের কোনো জায়গা নেই; বরং চরম আত্মবিশ্বাস নিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন, দেশের জনগণ বিপুল ম্যান্ডেট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে, তাই সেই গণরায়ের শক্তিকে পুঁজি করেই রাজপথে সক্রিয় থাকতে হবে।

​বৈঠকে কয়েকজন সংসদ সদস্য মাঠপর্যায়ে প্রশাসনের অসহযোগিতা এবং কর্মকর্তাদের কথা না শোনার বিষয়ে অভিযোগ তুললে প্রধানমন্ত্রী কিছুটা অসন্তোষ প্রকাশ করেন। সরকারি দলের জনপ্রতিনিধি হিসেবে এমন অভিযোগকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পাড়ি দিয়ে এবং প্রতিকূল প্রশাসনকে মোকাবিলা করেই তাঁরা আজকের অবস্থানে এসেছেন। ফলে প্রশাসন জনপ্রতিনিধিদের কথা শুনতে বাধ্য বলে তিনি মন্তব্য করেন। এরপরও কোনো কর্মকর্তা অসহযোগিতা করলে তা সরাসরি তাঁকে অবহিত করার নির্দেশ দেন সংসদ নেতা।

​আওয়ামী লীগের অতীত ও বর্তমান রাজনৈতিক চরিত্রের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকাকালে দলটি যেমন জনবিরোধী অবস্থানে ছিল, এখনো ঠিক একইভাবে সাধারণ মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ ও নাশকতা চালিয়ে যাচ্ছে। ক্ষমতা আঁকড়ে ধরতে মাত্র পনেরো দিনে প্রায় দেড় হাজার মানুষকে হত্যা এবং ত্রিশ হাজার মানুষকে পঙ্গু ও অন্ধ করে দেওয়া একটি ফ্যাসিবাদী শক্তির প্রতি দেশের মানুষ আর কখনোই সমর্থন জানাবে না বলে তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

​এর আগে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বিরোধী পক্ষের নানামুখী উসকানি সত্ত্বেও সরকার এখন পর্যন্ত সংযম প্রদর্শন করেছে এবং অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত রয়েছে। তবে শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশেই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অতি দ্রুত কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

​সভায় দলের জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায় ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের অসহযোগিতামূলক ও অস্থিতিশীল রাজনীতির উদাহরণ টেনে তাদের রাজনৈতিক চরিত্র অনুযায়ীই মোকাবিলা করার পরামর্শ দেন। এ ছাড়া পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সংসদ সদস্য আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন এবং এ বি এম মোশাররফ হোসেনসহ অন্যান্য নেতারা বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)