ধ্রুব নিউজ ডেস্ক
দেশের পথে প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এ যোগদান শেষে দেশের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে আন্তালিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ইস্তাম্বুলের পথে রওনা হন তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।
সফরসূচি অনুযায়ী, ইস্তাম্বুল বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের অপর একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবেন প্রধানমন্ত্রী। সবকিছু ঠিক থাকলে আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
উল্লেখ্য, তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত ১০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি কপ-৩১ জলবায়ু সম্মেলনের মূল অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত সময় পার করেন। সম্মেলনের ফাঁকে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন।