ধ্রুব নিউজ ডেস্ক
তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে বৈশ্বিক জলবায়ু সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: সংগৃহীত
তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে বৈশ্বিক জলবায়ু সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সম্মেলনে দেওয়া ভাষণে তিনি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় পর্যাপ্ত আন্তর্জাতিক অর্থায়ন নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা হ্রাস, সবুজ প্রযুক্তিতে ন্যায্য অধিকার এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধির দাবি তুলে ধরেন। একই সঙ্গে এই সংকট উত্তরণে তিনি সুনির্দিষ্ট পাঁচটি জরুরি প্রস্তাবনা পেশ করেন।
সম্মেলনের আয়োজক ও নেতৃত্বদানকারী দেশ তুরস্ক এবং অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশ্বিক উষ্ণায়নে বাংলাদেশের নগণ্য ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। তিনি উল্লেখ করেন, বিশ্বজুড়ে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের দায় শূন্য দশমিক ৫ শতাংশেরও কম হওয়া সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ ঝুঁকির সম্মুখসারিতে রয়েছে দেশটি। তবে এই প্রতিকূলতা সত্ত্বেও ‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বর্তমান সরকার এক ট্রিলিয়ন ডলারের একটি জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি বিনির্মাণে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান। তারেক রহমানের মতে, অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা পরস্পরের পরিপূরক হওয়া উচিত এবং যেকোনো শিল্পায়ন প্রক্রিয়ায় প্রকৃতির ভারসাম্য বজায় রাখা অপরিহার্য।
বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশের নিজস্ব পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত চিত্র তুলে ধরেন। তিনি জানান, প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা অনুযায়ী ‘নেট জিরো’ কার্বন নিঃসরণ অর্জনে জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নিয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ কর সুবিধার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে জ্বালানি তৈরির প্রকল্পকে উৎসাহিত করা হচ্ছে। এ ছাড়া দেশের শিল্প খাতে সবুজ বিপ্লবের উদাহরণ হিসেবে প্রায় ৯০টি লিড-সার্টিফাইড তৈরি পোশাক কারখানার কথা উল্লেখ করে তিনি জানান, সরকার বৈদ্যুতিক যানবাহন প্রবর্তন, পাটজাত পণ্যের প্রসার এবং কার্বন ট্রেডিংয়ের জন্য একটি জাতীয় কাঠামো তৈরিতে কাজ করছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, পদ্মা ও তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন, ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি ও বন্যা নিয়ন্ত্রণে ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন এবং উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বনায়ন পুনরুদ্ধারের মতো মেগা প্রকল্পের কথাও তিনি বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন।
বৈশ্বিক জলবায়ু অর্থায়ন কাঠামোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান অর্থায়ন ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল এবং এটি উন্নয়নশীল দেশগুলোর প্রকৃত চাহিদা ও অগ্রাধিকারকে যথাযথভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হচ্ছে। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির পাশাপাশি ক্রমবর্ধমান ঋণ পরিশোধের চাপ উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিকে আরও নাজুক করে তুলছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর এখন নতুন কোনো ঋণের বোঝা নয়, বরং সরাসরি অনুদান, নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন প্রক্রিয়ায় জোরালো সমর্থন প্রয়োজন।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব সম্প্রদায়ের সামনে পাঁচটি জরুরি প্রস্তাব তুলে ধরেন। প্রথমত, বৈশ্বিক জলবায়ু তহবিলের অন্তত ৫০ শতাংশ অর্থ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন খাতে বরাদ্দ করতে হবে এবং পাশাপাশি কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগেও সহায়তা দিতে হবে। দ্বিতীয়ত, ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ (জলবায়ু-সহনশীল ঋণ ধারা) এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ (জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফ)-এর মতো জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে। তৃতীয়ত, পরিবেশবান্ধব প্রযুক্তিতে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে। চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা বৃদ্ধি এবং ন্যায্য রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুততর করতে হবে। পঞ্চমত, ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ওপর ভিত্তি করে কপ-৩১ সম্মেলনে একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের লক্ষ্যে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার তাগিদ দেন এবং জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দেন। কপ-৩১ সম্মেলন জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য একটি অর্থপূর্ণ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল বয়ে আনবে—এমন আশাবাদ ব্যক্ত করে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।