নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে এনসিপি যশোর জেলা শাখা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় যশোর শহরের দড়াটনার ভৈরব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন এনসিপি যশোর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান ও সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ।
কর্মসূচিতে বক্তব্যে জেলা আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, একজন জনপ্রতিনিধির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য কখনো সহিংসতার মাধ্যমে প্রকাশ করা যায় না। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
জেলা সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু প্রতিহিংসা, ভয়ভীতি কিংবা অগ্নিসংযোগ কখনোই রাজনীতির ভাষা হতে পারে না। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফ জামান, সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশা, যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান বাবু, ইউসুফ আলী ও আলী সোহেব, যুগ্ম সদস্য সচিব সাজিদ সারোয়ার ও মারুফ হাসান সুকর্ণ, সহসাংগঠনিক সম্পাদক বিএম আকাশ, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সাদিয়া এবং সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুক্তা ইসলাম।
এ ছাড়া জাতীয় যুবশক্তি যশোর জেলার আহ্বায়ক ইমদাদ হোসেন, জেলা সংগঠক তাসকিন আহমেদ রিয়াজ এবং জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক খান মিফতাহুল অমিতসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা এনসিপির প্রচার সম্পাদক ফাহিম আল ফাত্তাহ্।