Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৬:৫৫ পিএম
সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

বাঁয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ও ডানে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

সারের ডিলার নিয়োগ নিয়ে জাতীয় সংসদের অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সারের ডিলার নিয়োগে দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ করেন। কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জবাব দেওয়ার সময় তার বক্তব্যকে কেন্দ্র করে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পর সম্পূরক প্রশ্ন করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের ডিলারশিপ দেওয়া এবং নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে তিনি কৃষিমন্ত্রীর কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, ‘সারের ডিলারের ২৮ জনই বিএনপি। তার মধ্যে ১০ জন হচ্ছেন নেতার স্ত্রী, নেতার সন্তান, নেতার ভাগনি। কিছুদিন আগে নাটোরের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে মারা হয়েছে এক এমপির সন্তান কর্তৃক। সেই সন্তানও সারের ডিলার পেয়েছেন। এই যে সারা দেশব্যাপী সারের ডিলারের মহোৎসব... যেখানে সংরক্ষিত আসনের যারা এমপি, অসাংবিধানিক এই সংরক্ষিত আসনের এমপিরা, কোন কোন জায়গায় অর্থের বিনিময়ে ডিও দিয়েছেন, ১৫টি ইউনিয়নের হয়তো ৩০টিতে ডিও দিয়েছেন। ডিলারশিপে যে নজিরবিহীন দুর্নীতি হয়েছে, এমপির স্ত্রীরা ডিলারশিপ পেয়েছেন, ভাগনিরা ডিলারশিপ পেয়েছেন, ছেলেরা ডিলারশিপ পেয়েছেন এবং আওয়ামী লীগের যারা আগের ব্যবসা করেছিলেন, মন্ত্রণালয় থেকে যে নিয়মটা করে দেওয়া হয়েছিল, সেখানে আওয়ামী লীগের ব্যবসায়ীরা যেন আবার সুযোগ পায়, সেটা মন্ত্রণালয় করে দিয়েছিল। এটা কি সুপরিকল্পিত ছিল কিনা এবং এই ডিলারশিপ গুলাকে আবার রিভিউ করা হবে কিনা?’

জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, ‘সংসদ সদস্য অনেকগুলো প্রশ্ন করেছেন, তার ভেতরে মূল জিনিস যেটা আসছে, সেটা হলো প্রথম উনি বলেছেন সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে। আমরা তো চাই এটা উৎসব হোক। উৎসবের মতো করে মানুষ নিক। আমরা তো এটাই চাই।’

এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা হৈচৈ শুরু করেন। মন্ত্রীর বক্তব্য চলাকালে তাদের হট্টগোল অব্যাহত থাকে।

মন্ত্রী বলেন, ‘উৎসবকে আমি ভালো অর্থে বুঝি। উৎসব খারাপ অর্থে যদি চিন্তা করেন...।’ এ সময় বিরোধী দলের সদস্যরা হট্টগোল করতে থাকেন।

কৃষিমন্ত্রী ডেপুটি স্পিকারকে উদ্দেশ করে বলেন, ‘সারের ডিলার কীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে... আমি আশা করব, আমি নতুন মন্ত্রী। এই কথা বলতে লাগলে সাইড টক করলে একটু অসুবিধা হয়। আপনার কাছে আমি এটা চাই যেন সাইড টক না করে। আমার জবাব যদি অপছন্দ হয়, আরেকটা প্রশ্ন করবেন, আরেকটা জবাব দেব অসুবিধা নেই।’

এরপর মন্ত্রী আরও বলেন, ‘সারের ডিলার নিয়োগের জন্য দুটি কমিটি তৈরি করা হয়েছে। একটি উপজেলা পর্যায়ে, একটি জেলা পর্যায়ে। উপজেলারটি ইউএনওর নেতৃত্বে, জেলারটি ডিসির নেতৃত্বে। কীভাবে নিয়োগ দেওয়া হয়েছে? ওইখানে অ্যাপ্লিকেশন কল করা হয়েছে। অ্যাপ্লিকেশনে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ছিল, যদি সারের ডিলার পেতে হয়, এই হতে হবে, এই হতে হবে, এই থাকতে হবে ইত্যাদি ইত্যাদি। ওই অনুযায়ী উপজেলাকে এবং জেলাকে মিনিস্ট্রি থেকে অর্ডার দেওয়া হয়েছে, এক্সাক্টলি ষোলোআনা এটাকে ফলো করে আপনাদেরকে সিলেকশন করতে হবে। মানুষ প্রথম অ্যাপ্লিকেশন করেছে ডিসির এখানে। ডিসি সাহেব এটাকে পাঠিয়েছেন ইউএনওর এখানে। ইউএনওর ওইখানে, ইউএনও থেকে শুরু করে বেশ ওইখানে উপজেলা কৃষি অফিসার, ওই যে ওয়ার্ডের জন্য বা যে ব্লকের জন্য অ্যাপ্লিকেশন করেছে ওই ব্লকের এগ্রিকালচার অফিসারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের একটি কমিটি আছে। ওই কমিটি যাচাই-বাছাই করেছে।’

মন্ত্রীর বক্তব্য চলাকালে আবারও হট্টগোল শুরু হয়। এ সময় ডেপুটি স্পিকার বিরোধী দলের চিফ হুইপকে উদ্দেশ করে বলেন, ‘আমাদের তো রাইটস আছে কথা বলার। রিপ্লাই দেওয়ারও রাইটস আছে। যেহেতু বিরোধীদলের নেতা নেই, এটা আপনারই দায়িত্ব বিরোধীদলের সংসদ সদস্যদের শৃংখলার মধ্যে আনা।’

এ সময় মন্ত্রী বলেন, ‘এরপর আমার মনে হয় ওনারা যেটা সন্দেহ করছেন আমার বক্তব্যের শেষে এই সন্দেহটা শেষ হয়ে যাবে। আসেন, তারপরে ওইখান থেকে যাচাই-বাছাই করার পর ডিসি অফিসে যাবে। ওইখানে ডিসি সাহেবের এখানে যে কমিটি আছে, ওই কমিটির ভেতরে উপদেষ্টা হিসেবে যে এলাকার এমপির এখানে হবে, ওই এমপি সাহেবকে উপদেষ্টা থাকার সুযোগ আছে।’

মন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরও উত্তপ্ত পরিস্থিতি ও উচ্চস্বরে চেঁচামেচি চলতে থাকে। এ সময় বিরোধী দলের সংসদ সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শুনেন।’ ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এরপর মন্ত্রী তার বক্তব্য চালিয়ে যান। তিনি জানান, জেলা পর্যায়ের কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ ডিলার নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)