নিজস্ব প্রতিবেদক
আটক আরাফাত হোসেন রাব্বি ছবি: সংগৃহীত
যশোরের চৌগাছায় এক এইচএসসি শিক্ষার্থীকে (১৮) ধর্ষণের অভিযোগে আরাফাত হোসেন রাব্বি (২২) নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের সেলিম রেজার ছেলে এবং চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।
শনিবার (১ আগস্ট) রাতে ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে রাব্বিকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার বিষয়ে সহযোগিতার জন্য দূরসম্পর্কের ভাই রাব্বির শরণাপন্ন হন ওই শিক্ষার্থী। শনিবার সরকারি ছুটির দিনে উপজেলা নির্বাচন অফিস বন্ধ থাকা সত্ত্বেও রাব্বি সকাল ৯টার দিকে তাকে চৌগাছা শহরে নিয়ে আসেন। পরবর্তীতে তাকে পৌরসভার নিরিবিলিপাড়া এলাকায় জনৈক জাহান্নারা বেগমের বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়ে বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানায়। পরে ভুক্তভোগীর মা তাকে সঙ্গে নিয়ে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাব্বিকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, ভুক্তভোগী পরিবারের লিখিত এজাহারের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে।