অভয়নগর (যশোর) প্রতিনিধি
সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিবাহী আলোকচিত্র প্রদর্শনী ও প্রাণবন্ত আলোচনা সভার মধ্য দিয়ে যশোরের অভয়নগর উপজেলায় দ্বিতীয়বারের মতো পালিত হলো ‘জুলাই দিবস’। ছবি: ধ্রুব নিউজ
সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিবাহী আলোকচিত্র প্রদর্শনী ও প্রাণবন্ত আলোচনা সভার মধ্য দিয়ে যশোরের অভয়নগর উপজেলায় দ্বিতীয়বারের মতো পালিত হলো ‘জুলাই দিবস’। শনিবার সন্ধ্যায় নওয়াপাড়ার ইনস্টিটিউট অডিটোরিয়ামে নওয়াপাড়া সাংস্কৃতিক সংসদ বিশেষ এই আয়োজন করে।
নওয়াপাড়া সাংস্কৃতিক সংসদের সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি গণভোটের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “গণভোটের দাবির পক্ষে দেশের ৭১ শতাংশ মানুষের যে রায় রয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।” তিনি আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে ছাত্র-জনতার যে মূল আকাঙ্ক্ষা ছিল, তার বাস্তবায়ন জরুরি। রাষ্ট্র পরিচালনা ও সমাজ গঠনে সরকার ও বিরোধী দলকে সমান দৃষ্টিতে দেখতে হবে। এ সময় তিনি ইসলামী ব্যাংকের প্রসঙ্গ টেনে এস আলম গ্রুপের বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগ নিয়েও তাঁর বক্তব্য তুলে ধরেন।
সাংস্কৃতিক সংসদের প্রতিনিধি মো. আশিকুল ইসলাম ও মো. তারিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর অভয়নগর উপজেলা আমীর সরদার শরিফ হোসেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আব্দুল গনি সরদার, সংগঠনটির সাধারণ সম্পাদক আলহাজ শাহ জালাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মতিয়ার রহমান এবং জামায়াতে ইসলামীর অভয়নগর উপজেলা সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলামসহ স্থানীয় সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে শিল্পীদের পরিবেশনায় উঠে আসে মুক্তিকামী জীবনের গল্প। এছাড়া অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ‘জুলাই আন্দোলন’-এর নানা আবেগঘন ও ঐতিহাসিক স্মৃতিচিত্র নিয়ে সাজানো আলোকচিত্র প্রদর্শনী। ভিন্নধর্মী এই প্রদর্শনীটি দর্শনার্থী ও স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ও আগ্রহের সৃষ্টি করে।