নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি গ্যারেজ সড়ক থেকে পণ্ডিত পুকুর এলাকা পর্যন্ত সড়কের উন্নয়ন ও ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: ধ্রুব নিউজ
যশোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রাঙামাটি গ্যারেজ সড়ক থেকে পণ্ডিত পুকুর এলাকা পর্যন্ত সড়কের উন্নয়ন ও ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২৫ জুলাই) সকালে এ উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
ফলক উন্মোচন শেষে প্রকল্পটির সফলতা, ওই এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পৌরপ্রশাসক রফিকুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পৌরসভার কর্মকর্তা এবং এলাকার সাধারণ বাসিন্দারা অংশ নেন।
উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, পৌরবাসীদের চলাচলের সুব্যবস্থা নিশ্চিত করা এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে জলাবদ্ধতা দূর করতে সরকার ধারাবাহিক উন্নয়নকাজ পরিচালনা করছে। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে এ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়েছে।
যশোর পৌরসভার বাস্তবায়নে এ উন্নয়ন প্রকল্পটির কাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট ও ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা প্রকাশ করছেন এলাকাবাসী।