ধ্রুব ডেস্ক
নিহত আইনজীবী নিজাম উদ্দিন (৪২) ছবি: সংগৃহীত
বাগেরহাটে দুর্বৃত্তদের অতর্কিত ছুরিকাঘাতে নিজাম উদ্দিন (৪২) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিজাম উদ্দিন সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ এলাকার বাসিন্দা এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তাঁর পৈতৃক ভিটা গোপালগঞ্জে। পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র এক মাস আগেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাঁর বাবা তোরাফ আলী প্রাণ হারান। মা ও প্রথম স্ত্রীকেও আগেই হারিয়েছিলেন তিনি। মৃত্যুকালে নিজাম উদ্দিন দ্বিতীয় স্ত্রী ও তিন কন্যাসন্তান রেখে গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে বাগেরহাট শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আইনজীবী নিজাম উদ্দিন। পথে হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর জখম হয়ে রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মর্মান্তিক এ হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ উদঘাটনসহ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ শুরু করেছে।