বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
ছবি: ভিডিও থেকে নেওয়া
যশোরের বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাঘারপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে 'ফুটবল ট্যালেন্ট হান্ট-২০২৬'-এর চূড়ান্ত বাছাই পর্ব ও মনোজ্ঞ প্রীতি ফুটবল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বাঘারপাড়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল কবীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল ও বাঘারপাড়া স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা নূরে আলম সিদ্দিকী। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলার ৯টি ইউনিয়ন থেকে প্রাথমিকভাবে বাছাইকৃত খেলোয়াড়দের অংশগ্রহণে এই চূড়ান্ত বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। খেলোয়াড়দের খেলার দক্ষতা ও নৈপুণ্য বিবেচনা করে ৫০ জন উদীয়মান ফুটবলারকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। বাছাইপর্ব শেষে উপস্থিত দর্শকদের আনন্দ দিতে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির দায়িত্বশীলরা জানান, এই ট্যালেন্ট হান্টের মাধ্যমে নির্বাচিত খেলোয়াড়দের আধুনিক ও নিয়মিত প্রশিক্ষণের আওতায় এনে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের দক্ষ ফুটবলার হিসেবে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।