যশোরে শিক্ষার্থীদের মিছিল। ছবি: ধ্রুব নিউজ
দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার যশোর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ, যশোর সরকারি সিটি কলেজ, আলহেরা ডিগ্রি কলেজ, সরকারি আব্দুর রাজ্জাক কলেজ, যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও সদর উপজেলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। যশোর সরকারি সিটি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আবু আনাসের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষার্থী সাবিরুল ইসলাম সিয়াম, সজীব হোসেন, রামিয়া, আইরিন তালুকদার তামান্না, নাঈম হোসেন, লিজু, ওমর ফারুক, জুলকার ইমন আল শিহাব, মো. ফাহিম হোসেন ও ইমতিয়াজসহ বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা।
সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড শোভা পায়।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ধোপরাকুল ডিগ্রি কলেজের শিক্ষার্থী দিশারানী মহন্ত দেশের এই প্রতিকূল বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা দিতে গিয়ে তীব্র মানসিক চাপে আত্মহত্যা করেছেন। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি সমাপ্ত করেন।