নিজস্ব প্রতিবেদক
নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরে জুলাই শহিদ দিবস ও জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন করা হবে। ছবি: ধ্রুব নিউজ
নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরে জুলাই শহিদ দিবস ও জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন করা হবে। এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে কালেক্টরেট সভা কক্ষ 'অমিত্রাক্ষরে' এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জুলাই আন্দোলনের ওপর বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যক্তিক দুর্লভ আলোকচিত্র এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। এছাড়া সুবিধাজনক সময়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান, মিলনায়তন বা উন্মুক্ত স্থানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে সরবরাহকৃত চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। পাশাপাশি সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘরসমূহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনসাধারণের জন্য বিনা টিকিটে উন্মুক্ত রাখা হবে। দেশের সব সরকারি ও বেসরকারি বিনোদনমূলক স্থানও শিশুদের জন্য সকাল-সন্ধ্যা উন্মুক্ত রাখা এবং বিনা টিকিটে প্রবেশের ব্যবস্থা করা হবে।
দিবসটি উপলক্ষে সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, বিকাশ কেন্দ্র এবং ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে বিশেষ খাবারের আয়োজন করা হবে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং জুলাই স্মৃতিস্তম্ভসমূহে আলোকসজ্জার ব্যবস্থা করা হবে।
জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু জাফর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সাঈদ সান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সামিউল আলম শিমুল, প্রেসক্লাব যশোরের সাবেক সহসভাপতি নুর ইসলাম এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান প্রমুখ।
এ সময় বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।