বেনাপোল প্রতিনিধি
দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত শার্শা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিতম হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরের শার্শা উপজেলায় মাদক, চোরাচালান, নারী নির্যাতন, কিশোর অপরাধ ও অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। এসব অপরাধ দমনে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত শার্শা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত ও মতামত উঠে আসে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। সভায় আরও অংশ নেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, জামায়াতে ইসলামীর উপজেলা আমির ফারুক হাসান, নায়েবে আমির তৈবুর রহমান জাহাঙ্গীর, উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বেনাপোল ও শার্শা থানার পুলিশ প্রতিনিধি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় শার্শা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধ, নারী নির্যাতন ও ধর্ষণ, কিশোর অপরাধ এবং অবৈধভাবে মাটি উত্তোলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় নারী নির্যাতন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়। এছাড়া পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।