শহিদুল ইসলাম, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। ছবি: ধ্রুব নিউজ
‘সবার জন্য ন্যায্য ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়তে জনসংখ্যা পরিকল্পনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসকের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডা. হাসান তাখেক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ জ্যোতি ঘোষ এবং বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির। এছাড়া উপজেলা প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরে পরিকল্পিত জনসংখ্যা ব্যবস্থাপনা, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।